নাস্তিকতা এবং ধর্ম

নাস্তিকতার সংজ্ঞা হচ্ছে, ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস বা বিশ্বাসের অভাব। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের অনুপস্থিতিই হচ্ছে নাস্তিকতা।

নাস্তিকতা কোনোকিছুই দাবি করে না, কোনোকিছুই বিশ্বাস করতে বলে না। কোনো আদেশ করে না, কোনো নিষেধ করে না, কোনো রীতিনীতি পালন করতে বলে না। এটা কেবলই ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের অনুপস্থিতি আর কোনোকিছুর অনুপস্থিতিকে কোনোভাবেই একটি ধর্ম বলা যায় না। একজন নাস্তিক কেবল ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস না করা বা ঈশ্বর আছে মনে না করার জন্যই নাস্তিক। কোনোকিছু না করার জন্য কোনোভাবেই একজন মানুষ ধার্মিক হয়ে যায়না।
হ্যাঁ, একজন মানুষ ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস না করেও কোনো কোনো ধর্মের অনুসারী হতে পারেন, কিন্তু তারমানে এটা নয় যে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস না করাটাই একটি ধর্ম।

নাস্তিকতাকে একটি ধর্ম প্রমাণ করতে অনেকে বলেন, সংস্কৃত ধৃত শব্দ হতে ধর্ম শব্দের উৎপত্তি যার অর্থ ধারন করা, আমরা যা ধারন করি তাই আমাদের ধর্ম, যেহেতু নাস্তিকরা নাস্তিকতা ধারন করে সেহেতু নাস্তিকতাও একটি ধর্ম। কিন্তু, নাস্তিকতা এমনকিছু নয় যা ধারন করা যায়। যারা নাস্তিক তারা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস ধারন করে না বলেই নাস্তিক। ধারন করা নয়, বরং ধারন না করার জন্যই তারা নাস্তিক। আস্তিকতা ধারন না করলেই আপনি নাস্তিক, নাস্তিকতাকে আবার আলাদাভাবে ধারন করার কিছু নেই। কোনোকিছু ধারন না করার অর্থ অন্যকিছু ধারন করা নয়, ঠিক যেমন বাগান না করাও একটি শখ নয়।

নাস্তিকতাও একটি ধর্ম হতে পারে, যদি বাগান না করা একটি শখ হয়, যদি স্বচ্ছতাও একটি রঙ হয়, যদি স্থলে হেঁটে চলাও আকাশে উড়ে বেড়ানো হয়, যদি না খাওয়াও খাওয়া হয়, যদি বসে থাকাও দৌড়ানো হয়, যদি আস্তিকতাও নাস্তিকতা হয়।

অনেকে আছেন, নিজেদেরকে নাস্তিকদের চেয়ে ইন্টেলেকচুয়ালি সুপিরিয়র হিসেবে উপস্থাপন করতে প্রশ্ন করেন, ‘নাস্তিক ধর্মে ধর্ষণের শাস্তি কি?’ কিংবা ‘নাস্তিক ধর্মে ভালো খারাপ বলে কিছু নেই’। আমি মনে করি, তাদের উচিত আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই নিজেকে প্রশ্ন করা যে, ‘ঘাস না খাওয়ায় ধর্ষণের শাস্তি কি?’ বা নিজেই নিজেকে বলা যে, ‘ঘাস না খাওয়ায় ভালো খারাপ বলে কিছু নেই’।

‘নাস্তিকতাও একটি ধর্ম’ দাবিটি নিঃসন্দেহে ভুল এবং হাস্যকর। কেননা, কোনোকিছুর অনুপস্থিতি কখনোই একটি ধর্ম হতে পারে না। এক শ্রেণীর মানুষ নাস্তিকদেরকে বোকা প্রমাণের উদ্দেশ্যে জোর করেই নাস্তিকতাকে একটি ধর্ম বলে প্রতিষ্ঠা করতে চান। কিন্তু, সত্যিকার অর্থে তারা কেবল নিজেদেরকেই বোকা প্রমাণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *