আল্লাহ মানুষকে দিয়ে করিয়ে নেন

আল্লাহ যদি মানুষকে দিয়ে আগে থেকেই নির্ধারিত কাজ করিয়ে নেন, যেমন জান্নাতিদের কাজ বা জাহান্নামীদের কাজ, তাহলে তা ইসলামের ন্যায়বিচারের ধারণার সাথে গুরুতরভাবে সাংঘর্ষিক। এই বিশ্বাসে আল্লাহ এমন একটি ব্যবস্থায় মানুষের জীবন পরিচালনা করেন, যেখানে তাদের কর্মের ওপর তাদের কোনো বাস্তব নিয়ন্ত্রণ নেই। ফলস্বরূপ, এই প্রেক্ষাপটে আল্লাহর পক্ষ থেকে মানুষকে শাস্তি বা পুরস্কৃত করা একটি গুরুতর দার্শনিক ও নৈতিক দ্বন্দ্বের জন্ম দেয়।

প্রথমত, যদি আল্লাহ পাক আগে থেকেই জান্নাতী ও জাহান্নামীদের নির্ধারণ করে দেন এবং তাদেরকে সেই অনুযায়ী কাজ করিয়ে নেন, তাহলে ব্যক্তির স্বাধীন ইচ্ছার ধারণাটি সম্পূর্ণভাবে অকার্যকর হয়ে পড়ে। ইসলামের বিশ্বাস অনুযায়ী, প্রতিটি ব্যক্তি তার কর্মের জন্য জবাবদিহি করবে, কিন্তু যদি সেই কর্ম আল্লাহর দ্বারা পূর্বনির্ধারিত হয় এবং আল্লাহ নিজেই সেই কাজ করিয়ে নেন, তাহলে ব্যক্তি কীভাবে তার কর্মের জন্য দায়ী হতে পারে? উদাহরণস্বরূপ, যদি আল্লাহ আগে থেকেই একজন ব্যক্তিকে জাহান্নামের জন্য নির্ধারণ করে তার থেকে জাহান্নামীদের কাজ করিয়ে নেন, তাহলে সেই ব্যক্তি তো বাধ্য হয়েই সেই কাজ করবে। সর্বশক্তিমান আল্লাহ কাউকে দিয়ে কোন কাজ করিয়ে নিলে কোন মানুষের পক্ষে কী তা না করে থাকা সম্ভব? এ পরিস্থিতিতে, তাকে শাস্তি দেওয়া একটি অসঙ্গত ও অবিচারমূলক পদক্ষেপ।

দ্বিতীয়ত, এই ধারণা নৈতিক বৈষম্য সৃষ্টি করে। যদি আল্লাহ আগে থেকেই নির্ধারণ করেন কারা জান্নাতবাসী হবে এবং কারা জাহান্নামী হবে, তবে কিছু মানুষ জন্মসূত্রেই বিশেষ সুবিধা নিয়ে আসে এবং অন্যরা নির্দোষভাবেই শাস্তির জন্য তৈরি হয় এবং আল্লাহ তাদের দিয়ে সেটিই করান যা আল্লাহ নির্ধারন করে রেখেছেন। এই বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি ইসলামের ন্যায়বিচারের মূলনীতির সাথে সরাসরি বিরোধপূর্ণ, যা দাবি করে যে প্রতিটি ব্যক্তি তার নিজস্ব কর্মের জন্য বিচার পাবে। কিন্তু যখন আল্লাহ নিজেই তাদের কর্ম নির্ধারণ করেন এবং সেই কাজ করান, তখন বিচার প্রক্রিয়াটি একটি মিথ্যে প্রতিশ্রুতি হয়ে দাঁড়ায়। শাস্তি বা পুরস্কার তখন কেবল একটি পূর্বনির্ধারিত নাটকের অংশ হয়ে যায়, যার ওপর ব্যক্তির কোনো প্রভাব থাকে না। আল্লাহর ইচ্ছা বা পূর্বনির্ধারিত তাকদীরই সেখানে প্রভাব রাখে।

তৃতীয়ত, এই বিশ্বাসটি আল্লাহর গুণাবলীর সাথে সাংঘর্ষিক। ইসলামিক দৃষ্টিকোণ থেকে, আল্লাহ ন্যায়বিচারক, দয়ালু এবং পরম জ্ঞানসম্পন্ন। কিন্তু যদি তিনি এমন একটি ব্যবস্থায় মানুষের কর্ম নির্ধারণ করেন, যেখানে কেউ জান্নাত বা জাহান্নামের জন্য পূর্বনির্ধারিত এবং তাদের দ্বারা সেই কাজ করান যা তাদের ভাগ্য স্থির করে দেয়, তবে সেই দয়ালুতা এবং ন্যায়বিচারের ধারণা কীভাবে বজায় থাকে? একজন সর্বশক্তিমান ও সর্বজ্ঞানী স্রষ্টা কীভাবে একজন মানুষকে এমন পথে পরিচালিত করতে পারেন, যেখানে তার কোনো নিয়ন্ত্রণ নেই, এবং তারপর তাকে সেই কাজের জন্য শাস্তি দিতে পারেন? আসুন এবারে কোরআনের একটি আয়াত পড়ে নেয়া যাক। কোরআনে বলা হয়েছে 
যাকে তার মন্দ কর্ম শোভনীয় ক’রে দেখানো হয়, অতঃপর সে সেটাকে উত্তম মনে করে (সে কি তার সমান, যে সৎ পথে পরিচালিত?) আল্লাহ যাকে ইচ্ছে বিপথগামী করেন, আর যাকে ইচ্ছে সঠিক পথে পরিচালিত করেন। কাজেই তাদের জন্য আক্ষেপ ক’রে, তুমি তোমার জীবনকে ধ্বংস হতে দিও না। তারা যা করে আল্লাহ তা খুব ভালভাবেই জানেন।
— Taisirul Quran
কেহকেও যদি তার মন্দ কাজ শোভন করে দেখানো হয় এবং সে ওটাকে উত্তম মনে করে সেই ব্যক্তি কি তার সমান যে সৎ কাজ করে? আল্লাহ যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা সৎ পথে পরিচালিত করেন। অতএব তুমি তাদের জন্য আক্ষেপ করে তোমার প্রাণকে ধ্বংস করনা। তারা যা করে আল্লাহ তা জানেন।
— Sheikh Mujibur Rahman
কাউকে যদি তার অসৎ কাজ সুশোভিত করে দেখানো হয় অতঃপর সে ওটাকে ভাল মনে করে, (সে কি ঐ ব্যক্তির সমান যে ভালকে ভাল এবং মন্দকে মন্দ দেখে?) কেননা আল্লাহ যাকে ইচ্ছা গোমরাহ করেন আর যাকে ইচ্ছা হিদায়াত দান করেন; অতএব তাদের জন্য আফসোস করে নিজে ধ্বংস হয়ো না। নিশ্চয় তারা যা করে আল্লাহ তা জানেন।
— Rawai Al-bayan
কাউকে যদি তার মন্দকাজ শোভন করে দেখানো হয় ফলে সে এটাকে উত্তম মনে করে, (সে ব্যক্তি কি তার সমান যে সৎকাজ করে?) তবে আল্লাহ্ যাকে ইচ্ছে বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছে হিদায়াত করেন [১]। অতএব তাদের জন্য আক্ষেপ করে আপনার প্রাণ যেন ধ্বংস না হয়। তারা যা করে নিশ্চয় আল্লাহ্ সে সম্পর্কে সম্যক পরিজ্ঞাত।
— Dr. Abu Bakr Muhammad Zakaria
এবারে আসুন একটু ভেবে দেখি। বলুন তো, আমাকে যদি মন্দ কাজটি সুশোভিত করে আল্লাহ দেখান এই ইচ্ছায় যে, তিনি আমাকে গোমরাহ করবেন, তাহলে আমার কাছে তো সেই মন্দ কাজটিই ভাল মনে হবে, তাই না? আমি তো তখন উত্তম কাজ মনে করে সেই মন্দ কাজটিই করবো, কারণ আল্লাহই তা ইচ্ছে করেছেন। আল্লাহ যদি ইচ্ছে করে আমাকে পথভ্রষ্ট না করতো, তাহলে আমার মত সামান্য সৃষ্টির পক্ষে কুপথে চলে আসা সম্ভব?

এবারে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস আমরা পড়ে নিই, হাদিসটি শুধুমাত্র সুনানু আবু দাউদ শরীফের সহিহ হাদিসই নয়, সেই সাথে মুহাম্মদ নাসিরুদ্দিন আল-আলবানী দ্বারা তাহক্বীককৃত সহিহ হাদিস। হাদিসটিতে খুব পরিষ্কারভাবেই বলা আছে, আল্লাহ পাক সেই আদি অবস্থাতেই সকলের জান্নাত জাহান্নাম নির্ধারিত করে রেখেছেন। শুধু নির্ধারণ করেই শেষ হয়নি, আল্লাহ পাক যাকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, তাকে দিয়ে জান্নাতবাসীদের কাজ করিয়ে নেন, আর যাকে জাহান্নামের জন্য সৃষ্টি করা হয়েছে, তাকে দিয়ে জাহান্নামীদের কাজ করিয়ে নেন। এবারে একটু ভাবুন তো, এর অর্থ কী? হাদিসটি পাবেন এখানে 

সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
পাবলিশারঃ আল্লামা আলবানী একাডেমী
অধ্যায়ঃ ৩৫/ সুন্নাহ
৪৭০৩। মুসলিম ইবনু ইয়াসার আল-জুহানী (রহঃ) সূত্রে বর্ণিত। একদা উমার ইবনুল খাত্তাব (রাঃ)-কে এ আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলোঃ ‘‘যখন তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন…’’ (সূরা আল-আ‘রাফঃ ১৭২)। বর্ণনাকারী বলেন, আল-কা‘নবী এ আয়াত পড়েছিলেন। উমার (রাঃ) বলেন, আমি এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মহান আল্লাহ আদম (আঃ)-কে সৃষ্টি করার পর স্বীয় ডান হাতে তাঁর পিঠ বুলিয়ে তা থেকে তাঁর একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে।
অতঃপর আবার তাঁর পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। একথা শুনে এক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! তাহলে আমলের কি মূল্য রইলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান।(1)
সহীহ, পিঠ বুলানো কথাটি বাদে।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
আরো একটি হাদিসে বলা হয়েছে, শয়তান শুধুমাত্র তাদেরকেই গুমরাহ করতে পারে, যাদের জন্য আল্লাহ জাহান্নামকে ওয়াজিব করেছেন! এর অর্থ কী তা পাঠকগণই সিদ্ধান্ত নেবেন [29] –

সূনান আবু দাউদ (ইসলামিক ফাউন্ডেশন)
৩৫/ সুন্নাহ
পরিচ্ছেদঃ ৬. সুন্নাতের অনুসরণ করা জরুরী।
৪৫৩৯. আবূ কামিল (রহঃ) …. খালিদ হাযযা (রহঃ) বলেনঃ আমি হাসান (রহঃ)-কে জিজ্ঞাসা করি, এ আয়াতের অর্থ কি? যেখানে বলা হয়েছেঃ শয়তান তোমাদের কাউকে গুমরাহ করতে পারে না, তবে যে জাহান্নামে যাবে, (তার কথা স্বতন্ত্র)। তিনি বলেনঃ অবশ্যই শয়তান তার গুমরাহীর ফাঁদে তাকেই আবদ্ধ করবে, যার জন্য আল্লাহ্‌ জাহান্নাম ওয়াজিব করেছেন।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ খালিদ আল-হাজ্জা (রহঃ)

এখন প্রশ্ন হচ্ছে, কোন মানুষ যদি ধর্ষণ করে, তা কি আল্লাহ আগে থেকেই নির্ধারণ করে রেখেছে, নাকি সেটি ঐ ব্যক্তিই সিদ্ধান্ত নিয়ে করছে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *